
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে এক বছর মেয়াদি স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। দেশটির সরকারি অর্থায়নে পরিচালিত ‘কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ’ কর্মসূচির আওতায় ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য আগামী ১০ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হচ্ছে। আগ্রহীরা ৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
এই বৃত্তির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাজ্যের অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলোতে এক বছর মেয়াদি মাস্টার্স করার সুযোগ পাবেন। বৃত্তির আওতায় সম্পূর্ণ টিউশন ফি, যাতায়াতের বিমানভাড়া এবং মাসিক জীবনযাত্রার ব্যয় বহন করা হবে। যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন (সিএসসি) তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।
সিএসসির তথ্য অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবরে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। উন্নয়নশীল কমনওয়েলথভুক্ত দেশগুলোর মেধাবী শিক্ষার্থী ও পেশাজীবীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। বিশেষ করে যেসব শিক্ষার্থীর নিজস্ব অর্থায়নে যুক্তরাজ্যে পড়াশোনা করা সম্ভব নয়, তাঁদের অগ্রাধিকার দেওয়া হয়।
বৃত্তির আওতায় যেসব সুবিধা পাওয়া যাবে
কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপে মনোনীত শিক্ষার্থীদের সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় টিউশন ফি দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া এবং কোর্স শেষে দেশে ফেরার অনুমোদিত বিমানভাড়াও বহন করবে কর্তৃপক্ষ।
এ ছাড়া শিক্ষার্থীদের মাসিক জীবনযাত্রার খরচ হিসেবে নির্ধারিত ভাতা দেওয়া হবে। বর্তমানে যুক্তরাজ্যে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এ ভাতার পরিমাণ মাসে ১ হাজার ৭১২ পাউন্ড। লন্ডনের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে মাসিক ভাতা হবে ২ হাজার পাউন্ড। তবে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে ভাতার হার পরিবর্তিত হতে পারে।
এর বাইরে শীতকালীন পোশাক কেনা, গবেষণার প্রয়োজনীয় ব্যয়, শিক্ষা-সংশ্লিষ্ট ভ্রমণ এবং ভিসার জন্য যক্ষ্মা পরীক্ষার খরচেও নির্দিষ্ট শর্তে আর্থিক সহায়তা পাওয়া যাবে।
আবেদনের যোগ্যতা
বাংলাদেশি নাগরিকরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে তাঁদের নির্ধারিত শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা পূরণ করতে হবে।
আবেদনকারীর যুক্তরাজ্যের আপার সেকেন্ড ক্লাস (২:১) সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। ২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে স্নাতক সম্পন্ন করবেন, এমন শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। স্নাতক পর্যায়ে ফলাফল তুলনামূলক কম হলেও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে যোগ্যতা বিবেচনার সুযোগ রয়েছে।
এ ছাড়া আবেদনকারীকে যোগ্য কমনওয়েলথভুক্ত দেশে স্থায়ীভাবে বসবাস করতে হবে। বৃত্তি না পেলে নিজ উদ্যোগে যুক্তরাজ্যে পড়াশোনার ব্যয় বহন করার আর্থিক সক্ষমতা থাকা যাবে না। উচ্চ আয়ের দেশে পূর্ববর্তী পড়াশোনা বা কর্ম-অভিজ্ঞতার ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ রয়েছে। তবে আবেদনকারীদের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা রাখা হয়নি।
আইইএলটিএস ছাড়া আবেদন করা যাবে?
কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের আবেদনের ক্ষেত্রে আইইএলটিএস বাধ্যতামূলক নয়। তবে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক, সেই প্রতিষ্ঠানের নিজস্ব ইংরেজি ভাষার দক্ষতা-সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় আইইএলটিএস স্কোর অথবা ইংরেজিতে দক্ষতার বিকল্প প্রমাণ চাইতে পারে। তাই আবেদন করার আগে পছন্দের বিশ্ববিদ্যালয় ও কোর্সের ভর্তি-শর্ত যাচাই করা জরুরি।
আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র
আগ্রহীদের সিএসসির অনলাইন প্ল্যাটফর্ম ‘সিএসসি সেন্ট্রাল’-এর মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। একই সঙ্গে পছন্দের বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত মাস্টার্স কোর্সে ভর্তির জন্য পৃথকভাবে আবেদন করতে হবে।
আবেদনের সময় পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত নম্বরপত্র এবং কমপক্ষে দুজনের স্বাক্ষরযুক্ত সুপারিশপত্র প্রয়োজন হবে। পাশাপাশি তিনজন সুপারিশকারীর তথ্য দিতে হবে।
আবেদনপত্রে যুক্তরাজ্যে পড়াশোনার মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশে ফিরে কীভাবে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানো হবে, সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা উল্লেখ করতে হবে।
প্রায় ১৮০টি বৃত্তি দেওয়ার পরিকল্পনা
সিএসসির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৭-২৮ শিক্ষাবর্ষে পুরো কর্মসূচির আওতায় প্রায় ১৮০টি বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এই সংখ্যা কেবল বাংলাদেশের জন্য নির্ধারিত নয়। যোগ্য বিভিন্ন কমনওয়েলথ দেশের শিক্ষার্থীরা এসব বৃত্তির জন্য প্রতিযোগিতা করবেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করে নিজ দেশে ফিরে যাওয়ার অঙ্গীকার করতে হবে। যুক্তরাজ্যে অর্জিত উচ্চশিক্ষা, অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা নিজ দেশের উন্নয়নে কাজে লাগাতে সক্ষম পেশাজীবী ও শিক্ষাবিদ তৈরি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
আবেদনের শেষ সময় ৮ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত ১০টা। আবেদন করতে কোনো ফি দিতে হবে না। বৃত্তির বিস্তারিত শর্ত, অনুমোদিত বিশ্ববিদ্যালয় এবং কোর্সের তালিকা পাওয়া যাবে কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের ওয়েবসাইটে।
অফিশিয়াল ওয়েবসাইট: https://cscuk.fcdo.gov.uk/scholarships/commonwealth-shared-scholarships-applications/
সরাসরি আবেদন: https://portal.csccentralonline.org.uk/application