
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সমর্থন এবং কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অব্যাহত সংহতির জন্য কৃতজ্ঞতা জানান তারেক রহমান। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সরাসরি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করায় তুরস্কের প্রতি ধন্যবাদ প্রকাশ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়। এ ছাড়া প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে দুই নেতা আলোচনা করেন।
আলোচনার শুরুতে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এরদোয়ানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।
প্রতিরক্ষা খাতে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত ও বহুমুখী করার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। এ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি যৌথ বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দুই দেশের মধ্যে আরও নিবিড় আলোচনা ও যোগাযোগ বাড়ানোর ওপরও জোর দেন প্রধানমন্ত্রী।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ আহরণ ও ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলেও জানান তারেক রহমান।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর পাশে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক অংশীদারত্ব ও সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
উল্লেখ্য, কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।