
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দসহ পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ-ত্রাণ, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব দাবি তুলে ধরেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এসব প্রতিকূলতা সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধানমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণকে পাশাপাশি এগিয়ে নিতে হবে। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার সময় প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা জরুরি।
তারেক রহমান জানান, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে সবুজ শিল্পের বিকাশে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা সম্প্রসারণ এবং পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজও চলছে।
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজের মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কাজ করা হচ্ছে। এসব উদ্যোগের লক্ষ্য হচ্ছে পানির ধারণক্ষমতা বাড়ানো, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর উন্নত করা।
এ ছাড়া উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্য রয়েছে।
জলবায়ু অর্থায়নের বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে তারেক রহমান বলেন, এই ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে প্রতিফলিত করতে পারছে না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান বোঝা এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তিনি বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর আরও ঋণের পরিবর্তে অনুদান প্রয়োজন। পাশাপাশি এসব দেশের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে বাংলাদেশ পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচটি প্রস্তাব তুলে ধরেন। সেগুলো হলো—
1. অভিযোজন খাতে অর্থায়ন বৃদ্ধি: আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দিতে হবে। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগেও সহায়তা অব্যাহত রাখতে হবে।
2. ঋণ-ত্রাণ সুবিধা চালু: জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো জরুরি ঋণ-ত্রাণ ব্যবস্থা চালু করতে হবে।
3. প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার: পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে সবার ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে।
4. নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর: সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে।
5. বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম: কপ৩১ সম্মেলনে ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে। এ উদ্যোগের ভিত্তি হতে হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জলবায়ু কার্যক্রমে সবার অংশগ্রহণের পাশাপাশি মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে।
সম্মেলনের সফলতা কামনা করে তারেক রহমান বলেন, বাংলাদেশ এমন একটি কপ৩১ সম্মেলন প্রত্যাশা করে, যেখান থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত আসবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থকে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, এখন সময় প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের। বৈশ্বিক সংহতি আরও জোরদার করে সম্মিলিতভাবে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।