
ছবি :সংগৃহীত
ইউরোপের অন্যতম জনপ্রিয় অভিবাসন গন্তব্য ইতালিতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে। ২০২৭ ও ২০২৮ সালে বিদেশি কর্মী নিয়োগের জন্য মোট ৩ লাখ ৩২ হাজার ৭০০ জনের কোটা নির্ধারণ করেছে দেশটির সরকার। এর মধ্যে ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন কর্মী নেওয়া হবে।
ইতালির ২০২৬-২০২৮ সালের কর্মী নিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে এই কোটা ঘোষণা করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষি, পর্যটন, পরিবহন, পণ্য পরিবহন ও গুদামজাতকরণ, ধাতব শিল্প, খাদ্য উৎপাদন এবং পরিবার ও বয়স্ক ব্যক্তিদের পরিচর্যাসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হবে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের জন্য নির্ধারিত মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি কাজে নিয়োগ পাবেন। এ ছাড়া কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কাজের জন্য রাখা হয়েছে ৮৯ হাজার জনের কোটা। স্বনিয়োজিত পেশায় কাজের সুযোগ পাবেন আরও ৬৫০ জন।
অমৌসুমি কর্মীদের জন্য বরাদ্দ করা কোটার মধ্যে ১৪ হাজার জনকে পারিবারিক পরিচর্যা খাতে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, ২০২৮ সালে মোট ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়া হবে। তাঁদের মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৯০ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনিয়োজিত পেশায় কাজের সুযোগ পাবেন।
তিন বছরের পুরো নিয়োগ পরিকল্পনায় ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়ার লক্ষ্য রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের জন্য বরাদ্দ ছিল ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জনের কোটা। চলতি বছরের নিয়োগ কার্যক্রমের নির্ধারিত সময়সূচি ইতিমধ্যে শেষ হওয়ায় এখন ২০২৭ ও ২০২৮ সালের নিয়োগের দিকে নজর দিচ্ছেন আগ্রহী কর্মীরা।
ইতালিতে বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া পরিচালিত হয় দেশটির ‘ফ্লো ডিক্রি’র আওতায়। এ ক্ষেত্রে আবেদন করার দায়িত্ব মূলত নিয়োগকর্তার। অর্থাৎ, ইতালির কোনো বৈধ নিয়োগকর্তাকে বিদেশি কর্মী নিয়োগের প্রস্তাব দিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে আবেদন করতে হবে।
ইতালি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের নিয়োগের জন্য প্রাথমিক আবেদনসংক্রান্ত তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে ২৩ অক্টোবর। এই কার্যক্রম চলবে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। আবেদনপ্রক্রিয়ায় ব্যবহার করতে হবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল।
আবেদনের সময় নিয়োগকর্তাকে কর্মীর প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে চাকরির প্রস্তাব বা কাজের চুক্তি, পাসপোর্টের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথির তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে।
নিয়োগের আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট কর্মীকে ভিসা পাওয়ার জন্য পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। তবে নিয়োগের কোটা নির্ধারিত হওয়া মানেই ভিসা নিশ্চিত হওয়া নয়। ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইতালি দূতাবাস।
বিদেশি কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রমও হাতে নিয়েছে ইতালি সরকার। এ কর্মসূচির আওতায় প্রশিক্ষণের ব্যয় সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
রাষ্ট্রদূত জানান, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় এসব প্রশিক্ষণ প্রকল্প পরিচালিত হচ্ছে। নিয়োগদাতা প্রতিষ্ঠানের কর্মী চাহিদা ও প্রয়োজনীয় দক্ষতার ওপর ভিত্তি করেই প্রশিক্ষণের বিষয়বস্তু নির্ধারণ করা হবে।
এ প্রক্রিয়ায় প্রথমে ইতালির প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনীয় কর্মীর সংখ্যা ও দক্ষতার ধরন জানাবে। পরে সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রকল্প তৈরি, প্রশিক্ষণার্থী নির্বাচন এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
ইতালিতে কর্মসংস্থানের সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণার আশঙ্কা থাকায় আগ্রহীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। তাঁর ভাষ্য অনুযায়ী, কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির মাধ্যমে অর্থ লেনদেনের সুযোগ নেই।
কেউ মধ্যস্থতার কথা বলে অর্থ দাবি করলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এ ধরনের লেনদেনের ফলে ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন রাষ্ট্রদূত।
আগ্রহী কর্মীদের নিয়োগ ও আবেদনসংক্রান্ত তথ্য জানতে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল, ইতালি দূতাবাস এবং বাংলাদেশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
বৈধ নিয়োগকর্তার মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই ভিসার আবেদন করতে হবে।