যুক্তরাষ্ট্রের হামলার আগেই পাল্টা পদক্ষেপ নিতে পারে ইরান

সামরিক আগ্রাসন, অবরোধ ও কূটনৈতিক আলোচনাসহ তিন পরিস্থিতির প্রস্তুতি তেহরানের; পারমাণবিক স্থাপনা পরিদর্শনে দিয়েছে শর্ত

যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জন্য অপেক্ষা করে বসে থাকবে না ইরান। ওয়াশিংটনের পক্ষ থেকে হামলার আশঙ্কা দেখা দিলে আত্মরক্ষার স্বার্থে আগাম পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালালে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে দেশটি।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরিস্থিতি মোকাবিলায় তিন ধরনের সম্ভাব্য পরিস্থিতি সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ইরান। এগুলো হলো—কূটনৈতিক আলোচনা, অর্থনৈতিক অবরোধ এবং সামরিক আগ্রাসন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কূটনৈতিক আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নেওয়ার জন্য সময়ক্ষেপণ করতে পারে। এ কারণে ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সতর্ক রয়েছে তেহরান।

ঘারিবাবাদির ভাষায়, ইরান কিউবা নয় যে অবরোধের মাধ্যমে দেশটিকে আটকে রাখা যাবে, কিংবা ভেনেজুয়েলাও নয় যে চাপ প্রয়োগ করে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব হবে। তাঁর দাবি, আকাশপথে ও স্থলপথে অবরোধ দিয়েও যুক্তরাষ্ট্র ইরানের লক্ষ্য অর্জনে সফল হয়নি।

তিনি আরও জানান, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান পরিস্থিতিকে কেবল যুদ্ধ কিংবা শান্তি—কোনো একটি অবস্থার মধ্যে সীমাবদ্ধ করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, আইনগত বিবেচনায় ইরান এখনো যুদ্ধাবস্থায় রয়েছে।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) অনুরোধে আপত্তি জানিয়েছেন ঘারিবাবাদি। তিনি স্পষ্ট করেছেন, ইরানের নির্ধারিত শর্ত পূরণ এবং যুদ্ধের স্থায়ী অবসান না হওয়া পর্যন্ত এসব স্থাপনায় পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না।

তাঁর আশঙ্কা, ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের নামে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত অস্ত্রের কার্যকারিতা যাচাইয়ের চেষ্টা হতে পারে। এ কারণে পরিদর্শনের আগে ওয়াশিংটনকে ইরানের শর্ত পূরণের নিশ্চয়তা দিতে হবে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে কয়েকটি শর্তের কথা তুলে ধরেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। এসব শর্তের মধ্যে রয়েছে—সব রণাঙ্গনে যুদ্ধের স্থায়ী অবসান, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার, তেল খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিদেশে আটকে থাকা ইরানের সম্পদের বিষয়ে সমাধান।

এ ছাড়া আগের সমঝোতার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন করে মোতায়েন করা সামরিক সরঞ্জাম ও সেনাসদস্যদের বিষয়েও পদক্ষেপ চায় তেহরান।

ঘারিবাবাদি জানান, যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের একটি প্রস্তাব রয়েছে। প্রাথমিকভাবে এ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য সাত দিন সময় নির্ধারণের কথা থাকলেও মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর সময় কমিয়ে দুই দিন করা হয়েছে। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতপার্থক্য থাকায় এখনো কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

এদিকে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট। মার্কিন এক কর্মকর্তার বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে আগে থেকেই অবস্থান করা যুক্তরাষ্ট্রের আরও দুটি বিমানবাহী রণতরির সঙ্গে এটি যুক্ত হয়েছে।

এতে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার হয়েছে। একদিকে সামরিক শক্তি বৃদ্ধি, অন্যদিকে ইরানের আগাম পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শেয়ার করুন: