
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো প্রদেশে সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী ও ক্রুসহ ১৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে আন্তোনভ এএন-১২ মডেলের বিমানটি দুর্ঘটনায় পড়ে। উড়োজাহাজে থাকা কেউই বেঁচে নেই।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে।
কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেদিউক রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসকে জানিয়েছেন, আঞ্চলিক রাজধানী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি জনবসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
তদন্তে দুর্ঘটনার কারণ অনুসন্ধান
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত দল ও বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন কাজ করছে। পাশাপাশি জরুরি সেবাদানকারী দলগুলো দুর্ঘটনাস্থলে অবস্থান করছে।
প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, বিমানটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিক হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে উড়োজাহাজটির নিয়ন্ত্রণব্যবস্থা অকার্যকর হয়ে পড়লে সেটি মাটিতে আছড়ে পড়ে।
রুশ সংবাদমাধ্যম ‘বাজা’র এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, জ্বালানি লিক, ইঞ্জিনে আগুন এবং হাইড্রোলিক সিস্টেম বিকল হয়ে যাওয়াকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে দুর্ঘটনার ভিডিও
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে। ভিডিওতে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে নিচের দিকে পড়ে যেতে দেখা যায়। কিছুক্ষণ পর বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে। তবে ঘটনাস্থল দূরে হওয়ায় দুর্ঘটনার দৃশ্য স্পষ্টভাবে বোঝা যায়নি।
বিবিসি ও রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। রয়টার্স ঘটনাস্থলের দৃশ্যপট বিশ্লেষণ করে জানিয়েছে, ভিডিওতে দেখা এলাকার সঙ্গে ওই অঞ্চলের স্যাটেলাইট চিত্রের মিল রয়েছে।
বিমানটিতে কোনো পণ্য বা মালামাল পরিবহন করা হচ্ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রুশ সামরিক বাহিনীতে গুরুত্বপূর্ণ এএন-১২
আন্তোনভ এএন-১২ সিরিজের বিমান রাশিয়ার সামরিক পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্ত্র ও সেনাসদস্য পরিবহনের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানেও এ ধরনের উড়োজাহাজ ব্যাপকভাবে ব্যবহার করা হয়।