
সিরিয়ার রাজধানী দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদ সংস্কারে ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয় করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের শেখ ফাতিমা বিনতে মুবারক ব্যক্তিগত অর্থায়নে এ সংস্কারকাজের উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯৩৬ কোটি টাকা।
মঙ্গলবার (প্রতিবেদন প্রকাশের দিন) আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মসজিদটির সংস্কার কার্যক্রম পরিচালিত হবে।
প্রকল্পের আওতায় মসজিদের কাঠামোগত ও স্থাপত্যগত সংস্কার করা হবে। একই সঙ্গে ঐতিহাসিক স্থাপনাটির আশপাশের এলাকাও নতুন করে সাজানো ও উন্নয়ন করা হবে।
আরব ও ইসলামি ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঐতিহাসিক গুরুত্ব, স্থাপত্যশৈলী ও স্বতন্ত্র বৈশিষ্ট্য বিবেচনায় উমাইয়া মসজিদ সংস্কারের ক্ষেত্রে এসব ঐতিহ্য অক্ষুণ্ন রাখাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
দামেস্কের কেন্দ্রস্থলে অবস্থিত উমাইয়া মসজিদ বিশ্বের প্রাচীন ও গুরুত্বপূর্ণ মসজিদগুলোর অন্যতম। অষ্টম শতকের শুরুতে উমাইয়া খলিফা আল-ওয়ালিদ প্রথমের শাসনামলে এর নির্মাণকাজ সম্পন্ন হয়। প্রাচীন স্থাপত্যশৈলী, মোজাইক শিল্পকর্ম ও ঐতিহাসিক গুরুত্বের কারণে মসজিদটি মুসলিম বিশ্বের অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে পরিচিত।
আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, সংস্কার উদ্যোগের আওতায় শুধু মসজিদটির সৌন্দর্য ও স্থাপত্য পুনরুদ্ধার নয়, আশপাশের এলাকারও পুনরুজ্জীবন ঘটানো হবে। এর মাধ্যমে সিরিয়ার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি স্থানীয় সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।