ইয়াসমিন চৌধুরীর দায়ের করা অর্থ ও সম্পদ আত্মসাতের মামলাসহ সারা দেশে বিচারাধীন সব মামলা দ্রুত নিষ্পত্তি এবং আপস-মীমাংসার মাধ্যমে সাধারণ মানুষকে দীর্ঘদিনের আইনি জটিলতা ও হয়রানি থেকে মুক্তি দেওয়ার দাবিতে সিলেটে নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। দৈনিক সোনালী সিলেট পত্রিকার উপদেষ্টা মাসুদুর রহমান (মাসুদ মিয়া)-এর সভাপতিত্বে এবং কামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী ভূঁইয়া প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফখর আহমদ, সিনিয়র সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দৈনিক আলোকিত সকাল পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি শাহান উদ্দিন নাজু, সিনিয়র সাংবাদিক ও আইনজীবী লিয়াকত, সাংবাদিক আশিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সাংবাদিক শেবুল আহমদ, আশরাফ আহমদ শিপন, নওশাদ আহমদ, হারুন রশীদ, সার্জন টিভির সম্পাদক জুবের আহমদ সার্জন এবং ভুক্তভোগীদের মধ্যে আব্দুল আলী ও রাবেয়া বেগমসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, মামলার দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ চরম আর্থিক ক্ষতি, মানসিক চাপ ও নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। বছরের পর বছর মামলা চলতে থাকায় অনেক ভুক্তভোগী ন্যায়বিচার পেতে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন।
বক্তারা আরও বলেন, ইয়াসমিন চৌধুরীর দায়ের করা মামলাসহ দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাগুলোর দ্রুত ও সুষ্ঠু নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইনসম্মতভাবে আপস-মীমাংসাযোগ্য মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তাঁরা।