॥ আবুল কাশেম অফিক॥
সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুড় গ্রামের মেয়ে তাসলিমা খান এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হয়েছেন। ফুল স্কলারশিপ নিয়ে সিলেটের জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজে অধ্যয়ন করে ২০২৬ সালে এ কৃতিত্ব অর্জন করেন তিনি। তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
২০২১ সালের আগস্ট মাসে জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজে ভর্তি হন তাসলিমা। দীর্ঘ পাঁচ বছরের অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করেছেন তিনি।
তাসলিমার শিক্ষাজীবন শুরু হয় শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, পাঠানটুলা, সিলেটে। প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত ওই মাদ্রাসায় অধ্যয়ন করেন তিনি। মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি সমমান) জিপিএ-৫.০০ অর্জন করেন। পরবর্তীতে সিলেট সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায়ও জিপিএ-৫.০০ অর্জন করেন। মেধা ও অধ্যবসায়ের ধারাবাহিকতা বজায় রেখে পরবর্তীতে ফুল স্কলারশিপে জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে এগিয়ে যান।
তাসলিমা খান পরিবারের ৯ ভাই-বোনের মধ্যে অষ্টম। তাঁর এ অর্জন শুধু পরিবারের গর্ব নয়, পুরো নলজুড় গ্রামের জন্যও গৌরবের বিষয়। তিনি গ্রামের প্রথম চিকিৎসক হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এ সাফল্য এলাকার তরুণ-তরুণী, বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষা ও স্বপ্নপূরণে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন স্বজনরা।
তাসলিমার বাবা আব্দুল ওয়ারিছ বেঁচে থাকলে মেয়ের এ সাফল্যে অনেক খুশি হতেন বলে আবেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। তাঁদের ভাষায় তাসলিমার চিকিৎসক হওয়ার মধ্য দিয়ে বাবার স্বপ্ন পূরণ হয়েছে। আল্লাহর রহমতে দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে।
তাসলিমার বড় ভাই মাওলানা মনিরুল ইসলাম তাঁর বোনের এ সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করে সবার কাছে দুয়া কামনা করেছেন। তিনি বলেন আল্লাহ যেন তাসলিমার অর্জিত জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগানোর তাওফিক দেন এবং তাঁকে একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দেন।