প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রকৌশল শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় শুধু সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়; বরং এগুলোকে জ্ঞানচর্চা, গবেষণা ও উৎকর্ষের কেন্দ্রে পরিণত করতে হবে। একই সঙ্গে শিক্ষাব্যবস্থাকে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থার উন্নয়নের মাধ্যমে প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করছে সরকার। পাশাপাশি সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি নতুন প্রজন্ম গড়ে তোলাও সরকারের লক্ষ্য।

ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান ও উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে আসবেন।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বিগ ডেটা এবং রোবোটিকসের মতো আধুনিক প্রযুক্তি খাতে জ্ঞান অর্জন ও গবেষণা সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।

শেয়ার করুন: