দক্ষিণ সুরমায় দুর্ঘটনায় আহত জাবেরের মৃত্যু, একই ঘটনায় প্রা*ণ গেল বালাগঞ্জের দুই যুবকের

সিলেটের দক্ষিণ সুরমা বাইপাস সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় আহত জাবের আহমদও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাবের আহমদ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের পশ্চিম নশিওরপুর গ্রামের জমির আলীর বড় ছেলে।

এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) সকালে দক্ষিণ সুরমা বাইপাস সড়কে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান একই উপজেলার গহরপুর বরকতপুর গ্রামের তুহিন আহমদ। ওই দুর্ঘটনায় জাবের আহমদও গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
তবে চিকিৎসকদের প্রচেষ্টা ও স্বজনদের প্রার্থনা-আশা সবকিছুকে পেছনে ফেলে শেষ পর্যন্ত না-ফেরার দেশে চলে গেলেন জাবের। তাঁর মৃত্যুতে দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

একই দুর্ঘটনায় পরপর দুই যুবকের মর্মান্তিক মৃত্যুতে বালাগঞ্জজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন: