রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের ‘আত্ব-তাকওয়া’ প্রকল্পের আওতায় নির্মাণাধীন মেটারনিটি ক্লিনিকের চলমান কার্যক্রম ও অগ্রগতি নিয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে প্রকল্পের চেয়ারম্যান আলী আহমদ নেছাওরের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেটারনিটি ক্লিনিকের বর্তমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি প্রকল্পটিকে আরও কার্যকর ও জনকল্যাণমুখী করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রকল্পের সর্বশেষ কার্যক্রম ও নির্মাণকাজের অগ্রগতির একটি ভিডিও প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। ভিডিও দেখে উপস্থিত সবাই কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পটি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ফান্ডরেইজিং কার্যক্রম জোরদার করা এবং বিভিন্ন মসজিদ পরিদর্শনের বিষয়েও আলোচনা হয়। পূর্ববর্তী সভার ধারাবাহিকতায় এবারও বিভিন্ন মসজিদ পরিদর্শনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন সদস্য হওয়ার পাশাপাশি প্রকল্পের বিভিন্ন ওয়ার্ড ও কক্ষ নির্মাণে দাতা সদস্য হওয়ার সুযোগ তুলে ধরা হয়। জানানো হয়, কেউ নিজ অর্থায়নে একটি কক্ষ বা ওয়ার্ড নির্মাণের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করলে তাঁর নিজের অথবা পরিবারের যেকোনো সদস্যের নামে সেই কক্ষ বা ওয়ার্ডের নামকরণের সুযোগ থাকবে। এ ঘোষণার পরপরই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও হেলথ অ্যান্ড কেয়ার সেক্রেটারি মিরাজ নানু মিয়া একটি ডেলিভারি রুম নির্মাণের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণের প্রতিশ্রুতি দেন। একইভাবে প্রতিষ্ঠাতা সদস্য সেলিম আহমেদ একটি বড় ওয়ার্ড নির্মাণের সম্পূর্ণ ব্যয়ভার বহনের অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, আর্তমানবতার সেবায় সম্পূর্ণ অলাভজনক এ প্রকল্পের আওতায় মেটারনিটি ক্লিনিকের পাশাপাশি একটি এতিমখানা, হাফিজিয়া নূরানী মাদ্রাসা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও একটি নার্সিং হোম প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ১৫০ শতক জমির ওপর বাস্তবায়নাধীন এ মহতী প্রকল্পে মাত্র ২ হাজার পাউন্ড অনুদানের মাধ্যমে প্রতিষ্ঠাতা সদস্য এবং ১ হাজার পাউন্ড অনুদানের মাধ্যমে আজীবন সদস্য হওয়ার সুযোগ রয়েছে।
ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার সাদেক আলীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সেক্রেটারি মুজিবুর রহমান আছকিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আহমদ নেছাওর।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ট্রেজারার আব্দুল হক আবু, হেলথ অ্যান্ড কেয়ার সেক্রেটারি মিরাজ নানু মিয়া, অর্গানাইজেশন সেক্রেটারি ইকরাম আহমেদ ইলিয়াস, মিডিয়া পার্টনার মুহাম্মাদ শরীফুজ্জামান এবং প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে সেলিম আহমেদ, শওকত আহমেদ, মামুনুর রশীদ, নুমান আহমেদ সায়েক ও সাইয়িদ আহমেদ প্রমুখ।