বালাগঞ্জে ‘নন্দন সাংস্কৃতিক সংসদ’-এর ২৭ বছর পূর্তি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

​নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক ও বালাগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী বলেছেন, সুস্থ সংস্কৃতিচর্চা একটি সমাজকে আলোকিত করে এবং তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করে। দীর্ঘ ২৭ বছর ধরে নন্দন সাংস্কৃতিক সংসদ গহরপুর তথা বালাগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে যে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়।
​শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বালাগঞ্জ উপজেলার মোরারবাজারস্থ নেহার কমিউনিটি সেন্টারে ‘নন্দন সাংস্কৃতিক সংসদ’-এর গৌরবোজ্জ্বল ২৭ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
​দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নন্দনের হিতাকাঙ্ক্ষী নাজমুল আলমের সভাপতিত্বে এবং স্মারকগ্রন্থের সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শাহ মো. হেলাল ও তরুণ উদ্যোক্তা জুবের আহমদের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন নন্দনের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রেসিডিয়াম সদস্য আবুল খায়ের সুজন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন—দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, লেখক ও গবেষক আব্দুল হাই মোশাহিদ, সিলেট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও লেখক অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল, লেখক ও গবেষক আব্দুর রশীদ লুলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রাবন্ধিক রজত চন্দ্র দাস ভুলন, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক ও গবেষক শাহাব উদ্দিন শাহীন, সমাজকর্মী মঈনুল ইসলাম সালেহ, আশরাফ আলী খান, কয়ছুল আলম কয়েছ, নেছাওর আলী মেম্বার, সিলেট জজকোর্টের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট ইকবাল আহমদ, দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রভাষক জাকারিয়া টিপু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামিম আহমদ, সহসভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিক, কোষাধ্যক্ষ জাগির হোসেন এবং সদস্য এম এ কাদির। এছাড়াও উপস্থিত ছিলেন নন্দন সাংস্কৃতিক সংসদের প্রেসিডিয়াম সদস্য তারেক আহমদ খলকু, সদস্য সুলতান আহমদ ও সুলতান আহমদ রাজু প্রমুখ।
​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নন্দনের সদস্য মো. মুক্তার আলী এবং গীতা পাঠ করেন সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন।
​স্মারকগ্রন্থ প্রকাশ ও অনুষ্ঠানে সার্বিক পরামর্শ ও অর্থায়ন করেন নন্দনের প্রতিষ্ঠাতা সভাপতি শায়েখ ইবনে হোসেন, প্রেসিডিয়াম সদস্য আবুল খায়ের সুজন, আনহার আলী ইয়াকুব, মো. ইসলাম উদ্দিন, সেলিম আহমদ, আব্দুস সালাম, সুরমান আলী, ডা. ইকবাল আহমদ, তারেক আহমদ খলকু, শাহরিয়ার হোসেন, আব্দুল্লাহ রহমান, বর্তমান সভাপতি মো. আব্দুর রকিব তালুকদার ও সাধারণ সম্পাদক মাসুকুর রহমান জাহিদ।
​অনুষ্ঠানের মূল পর্বে প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ ও লেখকদের সাথে নিয়ে করতালির মধ্য দিয়ে স্মারকগ্রন্থ ‘নন্দন’-এর মোড়ক উন্মোচন করা হয়। বক্তারা স্মারকগ্রন্থে বালাগঞ্জের নদীভাঙন, সমৃদ্ধ ইতিহাস, কৃষি, ক্রীড়াঙ্গন এবং তথ্যপ্রযুক্তির সম্ভাবনাকে তুলে ধরায় প্রকাশনা পর্ষদকে ধন্যবাদ জানান এবং নন্দনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শেয়ার করুন: