জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
রোববার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
বিবিসি বাংলাকে তিনি বলেন, “গাজীপুর থেকে ফেরার পথে সন্ধ্যা সাতটার দিকে ১০-১২টি মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালায়। হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায় এবং তাঁর শরীরে আঘাত লাগে।”
তিনি আরও বলেন, “এটি একটি পরিকল্পিত হামলা। অভ্যুত্থানের নেতৃত্বে থাকা একজন নেতার উপর এমন আক্রমণ অত্যন্ত উদ্বেগজনক। ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে।”
এ ঘটনার পর উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বলেন, “হাসনাতের গাড়িতে গাজীপুর এলাকায় ১০-১২ জন সন্ত্রাসী হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, তাঁর হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন, অনুগ্রহ করে হাসনাতকে নিরাপত্তা দিন। কমেন্টে লোকেশন দেওয়া হচ্ছে।”
পরে আরেকটি পোস্টে তিনি হাসনাত আব্দুল্লাহর রক্তাক্ত হাত ও ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি শেয়ার করেন।
এ ঘটনার প্রতিবাদে রাতে ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দলটি। ছাত্র এবং যুব সংগঠনের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে এনসিপি।





