
ছবি: সংগৃহীত
রমজান মাসে শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতে বাংলাদেশ হাইকোর্ট মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে নির্ধারিত ৮ মার্চের পরিবর্তে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকেই এসব প্রতিষ্ঠানে ছুটি কার্যকর হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ধারাবাহিক ধর্মীয় ছুটির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে টানা পাঁচ দিন বন্ধ রয়েছে। নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ রাখা হয়। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি এবং শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে রোববারও শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা ছুটি চলছে। আগামী সোমবার থেকে প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও নতুন নির্দেশনায় ছুটির সময়সূচিতে পরিবর্তন এসেছে।
বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৮ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হয়ে ঈদুল ফিতর, জুমাতুল বিদা এবং স্বাধীনতা দিবসসহ বিভিন্ন উপলক্ষে টানা ১৯ দিনের ছুটি থাকার কথা ছিল। তবে নতুন নির্দেশনার ফলে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্তরের ছুটি ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২৯ মার্চ পর্যন্ত চলবে। এরপর পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু হবে।
এ ছাড়া পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত মোট ১২ দিনের বিরতি থাকবে, যার মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা এবং ফাতেহা ই ইয়াজ দহম উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে। এছাড়া প্রতিষ্ঠানপ্রধানদের জন্য সংরক্ষিত দুই দিনের ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে নিয়ম অনুযায়ী অতিরিক্ত ছুটিও বহাল থাকবে।



