শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

এনআইডি সংশোধনে বড় পরিবর্তন, জন্ম তারিখ সংশোধনের সিদ্ধান্ত নেবেন ডিজি



জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, জন্ম তারিখসহ গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের সব আবেদন এখন থেকে মাঠ পর্যায়ে নয়, সরাসরি এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) পর্যায়ে নিষ্পত্তি হবে।

সম্প্রতি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, গত ২৪ ডিসেম্বর নতুন এসওপি প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, জন্ম তারিখ বা জন্ম তারিখ-সংক্রান্ত অন্যান্য তথ্য সংশোধনের আবেদনগুলো ‘ঘ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবে। এর আগে এসব আবেদন ‘ক’, ‘খ’ বা ‘গ’ ক্যাটাগরিতে শ্রেণিবদ্ধ করে আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারতেন।

এছাড়া প্রজ্ঞাপন জারির আগে মাঠ পর্যায়ে জমা পড়া এবং পূর্বে নির্ধারিত ক্যাটাগরির আবেদনগুলোও এখন ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করতে হবে। অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত এনআইডি কর্মকর্তারা প্রয়োজনীয় নথি উপস্থাপন করে মহাপরিচালক পর্যায়ে সেগুলোর নিষ্পত্তির ব্যবস্থা করবেন।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য তিন নির্দেশনা

ইসি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য তিনটি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে—

১. জন্ম তারিখ সংক্রান্ত যেসব আবেদন আগে ‘ক-১’ থেকে ‘গ’ ক্যাটাগরিতে ছিল, সেগুলোর তালিকা তৈরি করে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে।

২. প্রাপ্ত তালিকা অনুযায়ী, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদনগুলোর ক্যাটাগরি পরিবর্তন করে ‘ঘ’ হিসেবে পুনর্নির্ধারণ করবেন।

৩. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে সংশোধন কার্যক্রম সীমিত থাকায়, বর্তমানে জমে থাকা অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের মতে, কেন্দ্রীয়ভাবে ক্যাটাগরি নির্ধারণ এবং ডিজি পর্যায়ে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে এনআইডি সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।

তবে সংশ্লিষ্ট মহলে আশঙ্কা রয়েছে—মাঠ পর্যায় থেকে সব আবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হলে কাজের চাপ বাড়তে পারে। এ অবস্থায় আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নতুন নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!