
ছবি: সংগৃহীত
পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মহানগর পুলিশ নগরের দোকানপাট খোলা রাখা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করেছে। শনিবার বিকেলে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্দেশনাগুলো শনিবার থেকেই কার্যকর হয়েছে।
এর আগে গত বছরের ১ ডিসেম্বর নগর এলাকায় রাত সাড়ে ৯টার পর হোটেল, রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, যা ৭ ডিসেম্বর থেকে বাস্তবায়ন হয়। তবে রমজান ও ঈদকে সামনে রেখে পূর্বের নির্ধারিত সময়সূচি প্রত্যাহার করে পোশাকের দোকান ও বিপণিবিতান খোলা রাখার ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, নগরের সড়ক ও বিপণিবিতানের সামনে হকার বসানো যাবে না। ফুটপাত বা সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করলে সংশ্লিষ্ট হকার ও দোকানমালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি না করার আহ্বান জানানো হয়েছে। নগরে বেশি পরিমাণ নগদ অর্থ বহনের ক্ষেত্রে নিরাপত্তা সহায়তার জন্য ‘জিনিয়া অ্যাপ’ ব্যবহার বা পুলিশ কন্ট্রোল রুমে (০১৩২০-৯৯১১৯২) যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ইফতারের পর থেকে ভোর পর্যন্ত উচ্চস্বরে গান বাজানো নিষিদ্ধ করা হয়েছে। মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে অতিরিক্ত শব্দ সৃষ্টি না করার অনুরোধ জানানো হয়েছে। গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকেও সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। স্কুল-কলেজ ছুটির পর শিক্ষার্থীদের অযথা ঘোরাফেরা না করতে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মহানগর পুলিশ জানিয়েছে, রমজান মাসে ব্যবসা-বাণিজ্য ও জনচলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।



