
নিহত অটোরিক্সা চালক কয়েছ আহমদ।
সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে কয়েছ আহমদ (৩০) নামে এক অটোরিক্সা (সিএনজি) চালক নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) রাত আনুমানিক ৯টায় দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বটেরতল নামক স্থানে ২টি অটোরিক্সা (সিএনজি)’র এ মুখোমুখি সংঘর্ষ ঘটে।
সংশ্লিষ্ট এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত চালক কয়েছ আহমদ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল উত্তরপাড়া গ্রামের মৃত কলিম উল্লাহর ছেলে। সে অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৭০৭) গহরপুর মাদ্রাসাবাজার শাখার সদস্য। জানা গেছে, ঘটনার সময় কয়েছ আহমদ সিলেট থেকে গহরপুর আসার পথে সিলেটগামী আরেকটি অটোরিক্সা (সিএনজি) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মুমূর্ষ অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।


