
ছবি: সংগৃহীত
সরকার জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা দিতে দায়মুক্তির বিধান আইনে পরিণত করার উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে আগামী সংসদ অধিবেশনে বিল উত্থাপন ও পাস করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (২৫ মার্চ) সকালে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন। মন্ত্রী জানান, এখন থেকে প্রতি মাসে সরকারের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে জনগণকে নিয়মিতভাবে অবহিত করা হবে।
এর আগে, মঙ্গলবার জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে জারি করা দায়মুক্তি অধ্যাদেশকে বিল আকারে সংসদে উপস্থাপনের সুপারিশে একমত হয় সংসদীয় বিশেষ কমিটি। একই বৈঠকে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে আগামী ২ এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব বিশ্ববাজারে পড়লেও বাংলাদেশে বর্তমানে জ্বালানির কোনো ঘাটতি নেই। এ মুহূর্তে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনাও সরকারের নেই।
এ সময় তিনি জনগণকে অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি মজুত না করার আহ্বান জানান।





