
ছবি: সংগৃহীত
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার (২৫ মার্চ) ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতি এ শুভেচ্ছা জানান।
বার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, ভারতের সরকার, জনগণ এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশের সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, অভিন্ন ইতিহাস, গভীর সাংস্কৃতিক বন্ধন এবং দীর্ঘদিনের ভাষাগত ঐতিহ্য দুই দেশের সম্পর্ককে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করিয়েছে।
তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশ সংযোগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, উন্নয়ন অংশীদারত্ব, বিদ্যুৎ ও জ্বালানি খাত, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এসব উদ্যোগ সীমান্তের উভয় পাশের মানুষের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে বলেও তিনি মন্তব্য করেন।
শুভেচ্ছা বার্তায় ভারতের রাষ্ট্রপতি জানান, বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে ভারত ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। পাশাপাশি তিনি বাংলাদেশের সরকার ও জনগণের সার্বিক মঙ্গল কামনা করেন।





