
ছবি: সংগৃহীত
প্রবাসে কাজের সুযোগ বাড়াতে এবং বিদেশগামী কর্মীদের ভাষা ও কারিগরি দক্ষতা উন্নয়নে নতুন ঋণ কর্মসূচি চালু করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। ‘বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে ভাষাশিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ’ শিরোনামের এই উদ্যোগে আগ্রহী প্রার্থীরা সহজ শর্তে আর্থিক সহায়তা পাবেন।
এই কর্মসূচির আওতায় যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন। ব্যাংক সূত্রে জানা গেছে, বিদেশে ভাষা শিক্ষা কিংবা নির্দিষ্ট কোনো দক্ষতা অর্জনে আগ্রহীদের জন্য এই ঋণ সুবিধা দেওয়া হবে।
ঋণের অর্থ থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি টিউশন ফি পরিশোধ করা হবে। পাশাপাশি বিদেশে অবস্থানকালীন থাকা-খাওয়ার খরচ নির্বাহের জন্যও অর্থ সহায়তা দেওয়া হবে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও জার্মানিতে যেতে ইচ্ছুক শিক্ষার্থী ও কর্মপ্রত্যাশীরা এই সুবিধা সহজ শর্তে পেতে পারেন।
ঋণের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে সংশ্লিষ্ট ব্যাংক শাখার এলাকার বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। এছাড়া, যে দেশে যেতে চান সেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার এবং ন্যূনতম মধ্যম পর্যায়ের ভাষা দক্ষতার সনদ জমা দিতে হবে।
এই ঋণের বার্ষিক সুদের হার নির্ধারণ করা হয়েছে ১১ শতাংশ এবং ঋণের মেয়াদ সর্বোচ্চ ৩ বছর।
বিস্তারিত তথ্য জানতে আগ্রহীদের নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায় যোগাযোগ করতে অথবা হেল্পলাইন নম্বর ১৬২৩৮-এ কল করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ব্যাংকের ওয়েবসাইট www.pkb.gov.bd থেকেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।




