
বিগত শতাব্দীর ষাটের দশকের শেষার্ধ্বে সিলেটের বালাগঞ্জ উপজেলায় জন্মগ্রহণকারী ইসলাম ধর্ম, হোমিওপ্যাথি এবং কৃষি বিষয়ক লেখক ও গবেষক আব্দুর রশীদ লুলু একজন মানব ও প্রকৃতিকল্যাণে কাজ করা মানুষ। শিকড় সন্ধানী প্রকাশনা ‘আনোয়ারা’ সম্পাদনার মাধ্যমে লেখক ও সম্পাদক হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করা আব্দুর রশীদ লুলু বিগত ৩৪ বছর (১৯৯১-২০২৪)-এ মানব ও প্রকৃতি কল্যাণে ক্রমান্বয়ে গড়ে তুলেছেন সাত সাতটি প্রতিষ্ঠান। উল্লেখ্য, বাকী জীবন তিনি এ সাত প্রতিষ্ঠান নিয়ে নিষ্ঠার সাথে নিরলস কাজ করে যেতে চান। এসবে তার সহযোগী হিসেবে আছেন তাঁর সুযোগ্য ছেলে তরুণ উদ্যোক্তা আনিসুল আলম নাহিদ।
সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩নং দেওয়ান বাজার ইউনিয়নের আনোয়ারপুরে লুলু সেন্টারে অবস্থিত আব্দুর রশীদ লুলু প্রতিষ্ঠিত সাতটি প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচিতি এখানে তুলে ধরা হলো-
০১. আনোয়ারা হোমিও হল গ্রন্থাগার ও আর্কাইভ: বিনা চিকিৎসায় অকালে মৃত্যুবরণ করা এক মাকে স্মরণীয় করে রাখার পাশাপাশি আর্ত-মানবতার সেবার ব্রত নিয়ে ১৯৯১ সালের ১০ সেপ্টেম্বর হোমিওপ্যাথি চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠান আনোয়ারা হোমিও হল গ্রন্থাগার ও আর্কাইভ প্রতিষ্ঠিত হয়।
০২. রাজীব স্মৃতি গ্রন্থাগার: জনক-জননীর অজ্ঞানতায় মাত্র পাঁচ মাস বয়সে মারা যাওয়া (জন্ম: ১৪ ডিসেম্বর ১৯৯৬, মৃত্যু: ১১মে ১৯৯৭) এক ছেলেকে স্মরণীয় করে রাখার পাশাপাশি জ্ঞান চর্চা তথা জ্ঞানের আলো ছড়ানোর লক্ষ্যে ২০০৭ সালের ১১ মে রাজীব স্মৃতি গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়।
০৩. মরহুম আব্দুল মালিক হোমিও দাতব্য চিকিৎসালয়: ‘গরীব-দু:খীর চিকিৎসা করি, আর্ত-পীড়িতের সেবা করি’- শ্লোগানে এক পিতার মাগফেরাত কামনার পাশাপাশি তাঁকে স্মরণীয় করে রাখার প্রচেষ্টায় ২০১২ সালের ২৫ অক্টোবর মরহুম আব্দুল মালিক হোমিও দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠিত হয়।
০৪. আনোয়ারা ফাউন্ডেশন: অকালে মারা যাওয়া এক মাকে স্মরণীয় করে রাখার পাশাপাশি তাঁর পারলৌকিক মুক্তির প্রত্যাশায় মানব ও প্রকৃতি কল্যাণে অবদান রাখার প্রত্যয়ে ২০১৪ সালের ০১ জানুয়ারি আনোয়ারা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
০৫. আনোয়ারা অ্যাগ্রো ভিশন: ‘নিরাপদ খাদ্য উৎপাদন করি, সুস্থ-সবল জাতি গড়ি’- শ্লোগানে নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখার অঙ্গীকারে মরহুমা এক নারীর নামে ২০২০ সালের ১ জানুয়ারি আনোয়ারা অ্যাগ্রো ভিশন প্রতিষ্ঠিত হয়।
০৬. আল কুরআন শিক্ষা ও চর্চা কেন্দ্র: ‘কুরআন পড়ি, কুরআন চর্চা করি। অন্যকেও সহযোগিতা ও উৎসাহিত করি’- শ্লোগানে বিশ্বব্যাপী আল কুরআনের শিক্ষা ও চর্চায় ভূমিকা রাখার প্রত্যয়ে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর আল কুরআন শিক্ষা ও চর্চা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়।
০৭. মরহুম আব্দুল মালিক কৃষি কল্যাণ কেন্দ্র: ‘কৃষি ও কৃষকের কল্যাণে কাজ করি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ ও পৃথিবী গড়ি’- প্রতিপাদ্যে বিশ্বব্যাপী কৃষি ও কৃষকের কল্যাণ প্রচেষ্টার পাশাপাশি ক্ষুধা ও দারিদ্র্যমুক্তির ভূমিকায় কাজ করার প্রত্যয়ে কৃষি অন্ত:প্রাণ এক পিতার নামে ২০২৪ সালের ২৫ অক্টোবর মরহুম আব্দুল মালিক কৃষি কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়।





