
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ ভবন এলাকায় প্রবেশ করা ‘জুলাই যোদ্ধা’ পরিচয়দানকারী বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে ওই এলাকা থেকে সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর পুরো সংসদ ভবন ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারিতে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটের দিকে ‘জুলাই যোদ্ধা’ দাবি করা একটি দলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা ধরে, অর্থাৎ দুপুর ২টা পর্যন্ত ধাওয়া-পাল্টাধাওয়া চলে উভয় পক্ষের মধ্যে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ ভবনের গেট ভেঙে বিক্ষোভকারীরা ভেতরে প্রবেশ করে এবং মঞ্চ এলাকা দখল করার চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সংসদ ভবন এলাকার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও এবিপিএন সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জের মাধ্যমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে শুক্রবার সকালে ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে বেশ কয়েকজন সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে অবস্থান নেন। তারা সেখানে স্লোগান দিতে থাকেন এবং পরে গেট টপকে ভেতরে প্রবেশ করে মঞ্চের সামনে অতিথিদের আসনে বসে স্লোগান দিতে শুরু করেন।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকার কথা রয়েছে।





