বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

পোস্টাল ভোটে ৪ লাখ ৮৫ হাজারের বেশি প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন



ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৪ লাখ ৮৫ হাজার ১৮৪ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও রয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ৪ লাখ ৫৫ হাজার ৫৪৫ জন এবং নারী ২৯ হাজার ৬৩৭ জন।

প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক ১ লাখ ২২ হাজার ৪০১ জন নিবন্ধন করেছেন। এছাড়া কাতার থেকে ৪৪ হাজার ৫৪৩ জন, ওমান থেকে ৩২ হাজার ৭৪১ জন, মালয়েশিয়া থেকে ৩১ হাজার ৪৯৭ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ২৪ হাজার ২৮৬ জন, যুক্তরাষ্ট্র থেকে ২৩ হাজার ৩২ জন, যুক্তরাজ্য থেকে ১৭ হাজার ৭৮ জন, সিঙ্গাপুর থেকে ১৬ হাজার ৮৫৭ জন, কুয়েত থেকে ১৬ হাজার ১০৯ জন, ইতালি থেকে ১২ হাজার ৯১৫ জন এবং কানাডা থেকে ১০ হাজার ৮২১ জন ভোটার নিবন্ধন করেছেন।

অন্যদিকে, দেশে অবস্থানরত ভোটারদের জন্য চালু ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) ক্যাটাগরিতে একই সময় পর্যন্ত ৫২ হাজার ৯৯৪ জন নিবন্ধন করেছেন।

জেলা ও আসনভিত্তিক নিবন্ধন:
জেলা অনুযায়ী নিবন্ধনে কুমিল্লা শীর্ষে রয়েছে—৫০ হাজার ৯৩৬ জন। এরপর ঢাকা ৪৩ হাজার ৮৮১ জন, চট্টগ্রাম ৪২ হাজার ৬৬ জন, নোয়াখালী ২৯ হাজার ৫২৩ জন এবং সিলেট ২১ হাজার ৫৭৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচনী আসনভিত্তিক হিসেবে ফেনী-৩ আসনে সর্বাধিক ৭ হাজার ৯১৭ জন নিবন্ধন করেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ৭ হাজার ৩৩৩ জন, নোয়াখালী-১ আসনে ৭ হাজার ১৩১ জন, কুমিল্লা-১০ আসনে ৬ হাজার ৮৩০ জন এবং নোয়াখালী-৩ আসনে ৬ হাজার ৫৭৬ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নাম নিবন্ধন করেছেন।

ইসির প্রত্যাশা ও প্রস্তুতি:
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম নিয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে প্রবাসী নিবন্ধন কমপক্ষে ৫ লাখে পৌঁছাবে। পাশাপাশি দেশে ইন কান্ট্রি পোস্টাল ভোটে নিবন্ধন ১০ লাখ হওয়া প্রত্যাশিত।

তিনি বলেন, সাইবার নিরাপত্তাসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে এবং শিগগিরই প্রবাসীদের কাছে ব্যালট পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও জানান, দেশে ইন কান্ট্রি পোস্টাল ভোটে ব্যয় হবে মাত্র ২২ টাকা, আর প্রবাসীদের ক্ষেত্রে গড়ে ব্যয় পড়বে প্রায় ৭০০ টাকা।

নিবন্ধনের সময়সূচি:
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের জন্য ১৮ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে আইনি হেফাজতে থাকা ভোটারদের ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে বলা হয়েছে।

নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার পর থেকে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

ইসি জানিয়েছে, পোস্টাল ব্যালট পেতে হলে নিবন্ধনের সময় অবস্থানরত দেশের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান করা বাধ্যতামূলক। ঠিকানা অসম্পূর্ণ হলে ব্যালট পাঠানো সম্ভব হবে না।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হলে যে দেশ থেকে ভোট দেবেন, সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!