
সিলেট–৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র সংসদ প্রার্থী মইনুল বাকরের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বালাগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে গ্রামের প্রবীণ, যুবক ও মহিলাদের উপস্থিতিতে স্থানীয় সমস্যা নিয়ে সরাসরি মতবিনিময় করেন প্রার্থী মইনুল বাকর।
সভায় গ্রামবাসীরা তাদের দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে বলেন, নদীভাঙনের কারণে অনেক পরিবার বসতভিটা হারানোর ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট ও বেহাল রাস্তাঘাটের কারণে দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এ সময় বক্তব্য রাখতে গিয়ে মইনুল বাকর বলেন, আমি আপনাদের সন্তান, ভাই ও ভাতিজা। আপনাদের যেকোনো কষ্টই আমার কষ্ট। আপনাদের দীর্ঘদিনের দুঃখ-কষ্ট আমি অবগত হলাম।
নদীভাঙন, বিশুদ্ধ পানির সংকট এবং যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা—এসব সমস্যার বাস্তব সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আপনারা যে যেই দলের হোন না কেন, আমি আপনাদের দল ভাঙতে আসিনি। আমার কোনো দল নেই—আমি এসেছি মানুষের পাশে দাঁড়াতে। মানুষের কল্যাণই আমার রাজনীতি। তিনি সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সাংবাদিক লতিফুর রহমান উজ্জ্বলের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট মানবিক ও সামাজিক সংগঠক আমিনুল ইসলাম দীনেশ, এডভোকেট কবির আহমদ বাবর
প্রমূখ।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।




