
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে দেশের বিচার বিভাগের সামগ্রিক কার্যক্রম ও বিচারিক প্রক্রিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিচারব্যবস্থার স্বাধীনতা, নিরপেক্ষতা ও দক্ষতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির সফলতা কামনা করেন এবং বিচার বিভাগের সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির কার্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, জুবায়ের রহমান চৌধুরী গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ওই দিন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান।


