বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

জনগণের ভোটে সরকার গঠন হলে জুলাই শহীদ ও যোদ্ধাদের জন্য নতুন বিভাগ খোলার ঘোষণা তারেক রহমানের



জনগণের প্রত্যক্ষ ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পেলে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ চালুর আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে জুলাই শহীদ পরিবার ও আন্দোলনের যোদ্ধাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আলাদা একটি বিভাগ গঠন করা হবে। এই বিভাগের মূল দায়িত্ব হবে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সার্বিক দেখভাল করা।

জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করার দাবি জানিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন। ঠিক তেমনি ২০২৪ সালে যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন, তারাও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সংগ্রাম করেছেন। স্বাধীনতা অর্জিত হয়েছিল ১৯৭১ সালে, আর সেটিই আবার রক্ষা করা হয়েছে ২০২৪ সালে।

তিনি আরও বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। শুধু জুলাই গণ-অভ্যুত্থানেই দেড় হাজারের বেশি মানুষ শহীদ এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকেই আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। এ ঘটনাকে নিঃসন্দেহে গণহত্যা হিসেবে বিবেচনা করা যায়।

তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সাহসী ভূমিকার কারণেই ফ্যাসিস্ট শক্তি শুধু রাষ্ট্রক্ষমতা হারায়নি, বরং দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থান কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর আন্দোলন ছিল না উল্লেখ করে তিনি বলেন, এটি ছিল দল-মত ও ধর্মনির্বিশেষে অধিকারবঞ্চিত গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ গণআন্দোলন।

মতবিনিময় সভায় জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন। এ সময় তারেক রহমান তাঁদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শোনেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!