
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন সিলেট সফরকে ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছেন জেলা ও নগর বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচনের দলীয় মনোনয়নকে কেন্দ্র করে যে মতানৈক্য ও বিভাজন ছিল, তা অনেকটাই কাটিয়ে উঠে এখন ঐক্যবদ্ধভাবে মাঠে নামছেন তারা।
দলীয় সূত্র ও স্থানীয় নেতারা জানান, আগামী ২১ জানুয়ারি সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। এই সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে। মনোনয়ন বঞ্চনার কষ্ট থাকলেও প্রিয় নেতার আগমনকে সামনে রেখে সব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়েছেন নেতাকর্মীরা। লক্ষ্য একটাই—সিলেট থেকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী একটি বিএনপির বার্তা দেওয়া।
বিএনপি সূত্র জানায়, প্রায় ২০ বছর পর সিলেট সফরে আসছেন তারেক রহমান। সর্বশেষ ২০০৫ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি সিলেট সফর করেছিলেন। এবার তিনি আসছেন দলের চেয়ারম্যান হিসেবে। দলীয় ঐতিহ্য অনুসরণ করে আগামী ২২ জানুয়ারি হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহপরাণ (রা.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচার কার্যক্রমের সূচনা করবেন। অতীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও সিলেট থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করতেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, দীর্ঘ বিরতির পর সিলেটে বড় সমাবেশ করবেন তারেক রহমান। তাঁর আশা, আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।
এদিকে সমাবেশস্থল প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার বিকেলে সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয়, জেলা ও নগর পর্যায়ের নেতারা।
জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, জনসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সিলেটের বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ের মাধ্যমে জনসভার প্রচার চালানো হচ্ছে। নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন সমাবেশ সফল করার প্রস্তুতিতে।
বিএনপি নেতাদের মতে, সিলেট থেকেই তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু হওয়ায় এই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটিকে তাঁর রাজনৈতিক জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবেও দেখছেন অনেকে।
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী, ২১ জানুয়ারি সিলেটে পৌঁছে ২২ জানুয়ারি সকাল ১১টায় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।



