
গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩১৭ কোটি মার্কিন ডলার বা ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে প্রাপ্ত তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রোববার (১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জানুয়ারি মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ২৩ লাখ ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে প্রাপ্ত রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৪ সালের জানুয়ারিতে দেশে এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার, সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
তিনি আরও জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮০ শতাংশ বেশি।
এর আগে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি ২০২৫-২৬ অর্থবছরের সর্বোচ্চ প্রবাস আয় হিসেবে বিবেচিত। আর দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসে গত বছরের মার্চ মাসে, যখন প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
এছাড়া ২৯ থেকে ৩১ জানুয়ারি—এই তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।


