
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।
সোমবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলটির এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।
নির্বাচন-পরবর্তী হামলা ও সহিংসতার পাশাপাশি ভোটে কারচুপির অভিযোগও তুলেছে জোটটি। রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা ৩২টি আসনের ফল পুনর্গণনার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে। এ বিষয়ে সন্তোষজনক সমাধান না হলে আইনি লড়াইয়ে নামার ঘোষণাও দিয়েছে তারা।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয় লাভ করেছে বলে জানানো হয়। এর মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন পেয়েছে।
অন্যদিকে, জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ছয়টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি আসন এবং খেলাফত মজলিস পেয়েছে একটি আসন।



