
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর পদে পরিবর্তন এনেছে সরকার। দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম। তাঁর স্থলে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামকে।
সোমবার সকালে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, International Crimes (Tribunals) Act, 1973-এর ৭ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে মোহাম্মদ তাজুল ইসলামের পূর্ববর্তী নিয়োগাদেশ বাতিল করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল।


