
চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ (অষ্টম শ্রেণি)-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এবারের পরীক্ষায় ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৪৫০ টাকা এবং বছরে এককালীন ৫৬০ টাকা করে পাবে। দুই বছরে ১৪ হাজার ৭০০ শিক্ষার্থীর জন্য মোট ১৭ কোটি ৫২ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
অন্যদিকে, সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ৩৫০ টাকা পাবে। দুই বছরে ৩১ হাজার ৫০০ শিক্ষার্থীর অনুকূলে মোট ২৪ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হবে।
জানা গেছে, বৃত্তির অর্থ ২০২৫–২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের বৃত্তি ও মেধাবৃত্তি খাত থেকে ব্যয় করা হবে। জি-টু-পি (G2P) পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থার মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে।
যেভাবে ফল জানা যাবে
১. অনলাইনে:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর–এর ওয়েবসাইটে (dpe.gov.bd) প্রবেশ করে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) প্রদান করলে ফলাফল দেখা যাবে।
২. এসএমএসের মাধ্যমে:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
উল্লেখ্য, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড–১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়। পরীক্ষা গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি সম্পন্ন হয়।


