
ছবি: সংগৃহীত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় তিনি বিকেল ৩টা ৫৭ মিনিটে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
সভাস্থলে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পরিবেশ। ‘স্বাধীনতার ঘোষক জিয়া—লও লও লও সালাম’, ‘আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে’, ‘জিয়ার সৈনিক এক হও’—এসব স্লোগান ধ্বনিত হয় মিলনায়তনে।
এর আগে বিকেল ৩টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এছাড়া সভায় বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।


