রবিবার, ১২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুক্তরাষ্ট্রের অভিযান শুরু



আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের পেতে রাখা জলমাইন অপসারণে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।

শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকোম জানায়, এ অভিযানের অংশ হিসেবে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফ্র্যাঙ্ক পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফি ইতোমধ্যে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা হয়েছে। ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কর্তৃক স্থাপিত মাইন অপসারণই এ অভিযানের মূল লক্ষ্য।

সেন্টকোমের শীর্ষ কমান্ডার অ্যাডমিরাল ব্রাড কুপার বলেন, হরমুজ প্রণালিতে একটি নিরাপদ নৌপথ তৈরি করতে কাজ শুরু হয়েছে। বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য। খুব শিগগিরই প্রণালিটি বেসামরিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানের পর হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে ইরান। সেই অবরোধ কার্যকর করতে প্রণালির বিভিন্ন স্থানে জলমাইন স্থাপন করে আইআরজিসি। তবে মাইন স্থাপনের সুনির্দিষ্ট নথি সংরক্ষণ না থাকায় বর্তমানে সেগুলোর অবস্থান নির্ধারণে জটিলতা দেখা দিয়েছে। পাশাপাশি কিছু মাইন স্রোতের কারণে স্থানচ্যুত হয়ে গেছে বলেও জানা গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্টে জানিয়েছেন, হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এ কাজে সহায়তার জন্য শিগগিরই বিশেষায়িত মাইন ধ্বংসকারী নৌযান মোতায়েন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ফলপ্রসূ হয়নি। এর ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান এবং জাহাজ চলাচলে ইরানি মুদ্রায় টোল আদায়ের পরিকল্পনা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এ নৌপথে অবাধ আন্তর্জাতিক চলাচলের পক্ষে অবস্থান নিয়েছে এবং কোনো ধরনের টোল প্রদানে অস্বীকৃতি জানিয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!