
ছবি: সংগৃহীত
মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্র জানিয়েছে, একটি স্কুলের বাইরে জড়ো হওয়া সাধারণ মানুষের ওপর এ হামলা চালানো হয়। ঘটনাটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera প্রকাশ করেছে।
এদিকে, হামাস-এর সঙ্গে যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি যুদ্ধবিরতি চুক্তিকে কার্যকর ও টেকসই করতে মধ্যস্থতাকারীরা আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
নিহতদের একজনের স্বজন উম্মে হুসাম আবু আল-রুস বলেন, এটি প্রকৃত কোনো যুদ্ধবিরতি নয়; বরং তরুণদের জন্য এক ধরনের ফাঁদে পরিণত হয়েছে। তার অভিযোগ, প্রতিদিনই প্রাণহানি ঘটছে। তিনি আরও বলেন, একটি তিন বছর বয়সী শিশু তার বাবার মরদেহ দেখে আতঙ্কিত হয়ে পড়েছে—যে শিশু বুঝতেই পারছে না, তার বাবা আর ফিরে আসবে না; শুধু বলছে, বাবা দোকানে গিয়েছিল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৭৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।





