
ছবি: সংগৃহীত
আবারও একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে উত্তর কোরিয়া। জাপান জানিয়েছে, রোববার (১৯ এপ্রিল) সকালে সন্দেহভাজন কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা দেশটির জলসীমার বাইরে গিয়ে পতিত হয়েছে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কইজুমি জানান, স্থানীয় সময় সকাল প্রায় ৬টার দিকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। পরে সেগুলো জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড)-এর বাইরের এলাকায় গিয়ে পড়ে।
রাশিয়ার সংবাদ সংস্থা তাসও এ তথ্য নিশ্চিত করেছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে জাপান।
তবে বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পূর্ব এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে।




