
শিশু রামিসা হত্যা মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই দিন দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী এ হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের ক্ষেত্রে দায়িত্বশীল সংস্থাগুলোর কার্যকর ভূমিকার প্রশংসা করেন।
এ সময় প্রধানমন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন, মর্মান্তিক ও নৃশংস এ ঘটনার পর দ্রুত তদন্ত পরিচালনা এবং অভিযুক্তদের গ্রেফতার সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থানের প্রতিফলন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, মামলার বিচারিক কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে এবং অপরাধীরা প্রচলিত আইন অনুযায়ী শাস্তি পাবে। পাশাপাশি তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত সকলকে ভবিষ্যতেও একই পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত সদস্যরাও এ ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন। একই সঙ্গে অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।






