প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি ও উৎপাদনমুখী খাতকে চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছে সরকার। এই উদ্যোগের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৫ লক্ষাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি জানান, কৃষি, ক্ষুদ্র ও কুটির শিল্প, সিএমএসএমই খাত এবং রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সহজ শর্তে ঋণ সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের অধীনে ‘প্রণোদনা তহবিল ২০২৬’ গঠন করা হয়েছে।
মন্ত্রী বলেন, তহবিলের মোট ৬০ হাজার কোটি টাকার মধ্যে ৪১ হাজার কোটি টাকা রিফাইন্যান্সিং সুবিধা হিসেবে এবং বাকি ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে প্রদান করা হবে।
ঘোষিত কর্মসূচির আওতায় পাঁচটি পৃথক প্যাকেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু ও সেবা খাতের জন্য ২০ হাজার কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কার্যক্রমে ১০ হাজার কোটি টাকা, সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকা এবং উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার প্রণোদনা বরাদ্দ রাখা হয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, উদ্যোক্তাদের চলতি মূলধন সহায়তার পাশাপাশি উৎপাদন সম্প্রসারণে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে। ফলে এই তহবিলের আওতায় নেওয়া ঋণের প্রকৃত সুদের হার বাজারভিত্তিক সুদের তুলনায় অর্ধেকেরও কম হবে। এতে শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে, বিনিয়োগ উৎসাহিত হবে এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, বেসরকারি খাতে অর্থায়ন সম্প্রসারণে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রেও এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।



