
ছবি :সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রায় ৩৫ বছর পর দেশে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়। এরপর নির্বাচন কমিশন (ইসি) ভবনে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এ সময় তিনি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের বিস্তারিত প্রক্রিয়াও তুলে ধরেন।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ।
ইসি সচিব জানান, আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শুরুর আগে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপার মঙ্গলবারই প্রস্তুত করা হবে। ব্যালটে থাকবে দুটি অংশ—মুড়ি ও মূল ব্যালট। মুড়ি অংশে ক্রমিক নম্বর, সংসদ সদস্যের নাম, বিভক্তি নম্বরসহ প্রয়োজনীয় তথ্য থাকবে। নির্ধারিত স্থানে পূর্ণ নাম ও স্বাক্ষর দিয়ে সংসদ সদস্যরা ব্যালট গ্রহণ করবেন।
মূল ব্যালটের ডান পাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী ছাপা থাকবে। প্রার্থীদের নামের পাশে নির্ধারিত স্থানে সংসদ সদস্যরা নিজেদের পূর্ণ নাম ও স্বাক্ষর দিয়ে ভোট দেবেন। ভোট দেওয়ার পর ব্যালট নির্ধারিত বাক্সে জমা দিতে হবে।
বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর সংসদকক্ষেই ব্যালট গণনা করা হবে এবং ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা। পরে নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করা হবে।
ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। ব্যালট পেপারের রং হবে সাদা এবং এতে কালো রঙে লেখা থাকবে।



