
ছবি :সংগৃহীত
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দুই মাস পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আগে আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এ পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হলেও সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা ভাবছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রমজান ও ঈদুল ফিতর শেষে মার্চ মাসে পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা চলছে।
আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামতকে গুরুত্ব দিয়ে মার্চে এসএসসি পরীক্ষা শুরুর বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।
সংশ্লিষ্টদের আলোচনায়, আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে রমজান ও ঈদুল ফিতর শেষে মার্চের মাঝামাঝি সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হবে। একই বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে ৬ জুন, যা চলবে ১৩ জুলাই পর্যন্ত।
গত ১৪ মে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, এসএসসি, এইচএসসি ও সমমানের প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা ব্যবস্থাপনায় দুই বছরের গ্যাপ কমিয়ে আনতেই এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, ডিসেম্বরকে শিক্ষা বছরের শেষ এবং পরীক্ষা নেওয়ার মাস হিসেবে বিবেচনা করার পরিকল্পনা রয়েছে।
তবে বর্তমান পরিস্থিতিতে এসএসসি পরীক্ষার সময়সূচি মার্চে সরিয়ে নেওয়া হবে কি না, সে বিষয়ে আন্ত শিক্ষা বোর্ডের পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।



