
ছবি :সংগৃহীত
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় নতুন করে একটি রিক্রুটিং এজেন্সির সঙ্গে আরও ৩১২টি সাব-এজেন্সির নাম যুক্ত করা হয়েছে। এর ফলে দেশটিতে কর্মী নিয়োগের অনুমোদিত তালিকায় মোট ২৬টি রিক্রুটিং এজেন্সি ও ৩১২টি সাব-এজেন্সি অন্তর্ভুক্ত হলো।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) নতুন এই তালিকা প্রকাশ করে।
নতুন তালিকায় প্রথমবারের মতো বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন রিক্রুটিং প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বোয়েসেলের অধীনে ৬২টি রিক্রুটিং সাব-এজেন্সিকে রাখা হয়েছে।
এ ছাড়া আগে তালিকাভুক্ত ২৫টি রিক্রুটিং এজেন্সির অধীনে আরও ২৫০টি প্রতিষ্ঠানকে সাব-এজেন্সি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে এবার ২৬টি মূল রিক্রুটিং এজেন্সি ও তাদের অধীন ৩১২টি সাব-এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ তৈরি হয়েছে।
এর আগে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য এফডব্লিউসিএমএস ২৫টি রিক্রুটিং এজেন্সির অনুমোদিত তালিকা প্রকাশ করেছিল। নতুন করে বোয়েসেল এবং বিপুলসংখ্যক সাব-এজেন্সি যুক্ত হওয়ায় কর্মী নিয়োগের কার্যক্রম আরও বিস্তৃত হলো।
এফডব্লিউসিএমএসে প্রকাশিত অনুমোদিত তালিকাভুক্ত এজেন্সিগুলোর মাধ্যমেই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের কার্যক্রম পরিচালিত হবে।




