
ছবি :সংগৃহীত
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী ও ট্রানজিটসহ মোট ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভ্রমণ অনিশ্চয়তায় পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন যাত্রী। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট।
বুধবার (১৪ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, সালামএয়ারের চারটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটস এয়ারলাইনসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি এবং ফ্লাইদুবাইয়ের ছয়টি ফ্লাইট বাতিল হয়েছে।
সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে মোট ৮৬টি ফ্লাইট বাতিল হওয়ায় সংশ্লিষ্ট যাত্রীদের নির্ধারিত ভ্রমণসূচি ব্যাহত হয়েছে। অনেক যাত্রীকে বিকল্প ফ্লাইট ও নতুন ভ্রমণসূচির জন্য অপেক্ষা করতে হচ্ছে।
এদিকে, সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
ফ্লাইট চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদিগামী যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।



