এক সময় বেকারত্ব আর ভাড়ায় গাড়ি চালানো অতিদরিদ্র বদরুল, নাজিম, ইলিয়াস প্রমুখ এখন স্বাবলম্বী। মাসে হাজার হাজার টাকা রোজগার করে এখন তারা অনেকটা স্বাচ্ছন্দে জীবনযাপন করছেন। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সেবামূলক সংগঠন মুনতাদা এইড ইউকে’র অর্থায়নে ও আমান’র ব্যবস্থাপনায় গত বছর ব্যাটারি চালিত ৭টি ইজিবাইক (টমটম) পাওয়া এসব পরিবার এখন স্বাবলম্বী।
মুনতাদা এইড ইউকে’র অর্থায়নে ও আমান’র ব্যবস্থাপনায় দারিদ্রতা দূরীকরণে স্বাবলম্বী প্রকল্পের আওতায় বালাগঞ্জে এবার সুবিধাবঞ্চিত আরও ১০টি পরিবারকে ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) প্রদান করা হয়েছে। দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আশিকুর রহমান আশিকের সার্বিক তত্ত্বাবধানে রোববার (১৫ নভেম্বর) বিকালে এসব ইজিবাইক বিতরণ করা হয়। শাহাপুর গ্রামের পিতৃমাতৃহীন সার্জনের এতিম সন্তানদের পাশাপাশি স্থানীয় আরব আলী, কয়েছসহ অতিদরিদ্র এই ১০টি পরিবার বিনামূল্যে ইজিবাইক পেয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে। আশা করা যাচ্ছে, তারা এই ইজিবাইক (টমটম) চালিয়ে জীবিকা নির্বাহের পাশাপাশি পরিবারের খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও শিশুদের পড়ালেখার মত গুরুত্বপূর্ণ ব্যয় নির্বাহ করতে পারবে।
স্থানীয় শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ইজিবাইক বিতরণকালে মুনতাদা এইড ইউকের সিইও, বাংলাদেশের কাণ্ট্রি ডাইরেক্টর, আমান’র সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ইউপি সদস্য আশিকুর রহমান আশিক, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম হেলাল প্রমুখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



