
দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল পরিবর্তনের মাধ্যমে আরও কার্যকর ও কর্মসংস্থানমুখী করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শিক্ষা কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সমন্বয় ঘটানোর আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে ঢাকা কলেজে কাটানো জীবনের বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন জাতীয় আন্দোলনে এই শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস এবং অবদানের কথা স্মরণ করেন।
রাষ্ট্রপতি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের শিক্ষাব্যবস্থাটাকে আমূল ঢেলে সাজানো দরকার। আমাদের ছেলেরা গ্রাজুয়েট হচ্ছে, বাইরে বেরোচ্ছে কিন্তু কর্মসংস্থান নেই। আমাদের শিক্ষাব্যবস্থাটাকে সেই ভাবেই ঢেলে সাজানো দরকার, যাতে করে সেটা সত্যিকারার্থেই ইফেক্টিভ (কার্যকর) হয়।’
তিনি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর আহ্বানও জানান তিনি।
ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






