
বালাগঞ্জে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র অর্থায়নে বাস্তবায়নাধীন আত্ব-তাকওয়া প্রকল্পের চলমান নির্মাণকাজ পরিদর্শন করেছেন ফাউন্ডেশনের যুক্তরাজ্যপ্রবাসী দুই ফাউন্ডার মো. ইমাম উদ্দিন ও সিরাজুল হক।
শনিবার (২১ নভেম্বর) উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের রুগনপুর এলাকায় প্রকল্প প্রাঙ্গণে তাঁরা নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তাঁরা প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নির্মাণকাজের গুণগত মান পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও প্রকল্পের প্রচার সম্পাদক সাংবাদিক শাহ মো. হেলাল, সাংবাদিক এম এ কাদির, প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার নোমান আহমদ প্রমূখ ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আত্ব-তাকওয়া প্রকল্পের আওতায় মেটারনিটি ক্লিনিক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কাজ বর্তমানে চলমান রয়েছে। এ দুটি প্রতিষ্ঠানের পাশাপাশি প্রকল্পের পরিকল্পনায় রয়েছে হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও নার্সিং হোম। পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠান বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে ফাউন্ডেশনের।
উল্লেখ্য, চলতি বছরের ১২ এপ্রিল প্রকল্পের মেটারনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। পরে ১২ মে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক।
প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে এলাকায় মাতৃস্বাস্থ্যসেবা ও কারিগরি শিক্ষা-প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি ধর্মীয় শিক্ষা, এতিমদের আশ্রয় ও পরিচর্যা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।



