
বগুড়ার ধুনট উপজেলায় তান্ত্রিক সেজে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাথী বেগম (২৬) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) দুপুরে ধুনটের হোসেনপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত সাথী বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীগতিপুর এলাকার আনোয়ার হোসেন মোল্লার স্ত্রী।
পুলিশ জানায়, সাথী ও তার স্বামী আনোয়ার নিজেদের কবিরাজ পরিচয়ে প্রবাসী সেলিম রেজার স্ত্রী খালেদা বেগমের সঙ্গে পরিচয় গড়ে তোলেন। পরে মেয়েদের মৃত্যু ঠেকানো ও গুপ্তধনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় খালেদার কাছ থেকে মোট ১৪ লাখ টাকা হাতিয়ে নেন তারা। সর্বশেষ শুক্রবার সাথী বেগম আবারও টাকা দাবি করলে পরিবার তাকে আটক করে থানায় সোপর্দ করে।
ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, অভিযুক্ত নারী তান্ত্রিকের কাছ থেকে তাবিজ-কবচ, যাদুবিদ্যার বই ও মূর্তি উদ্ধার করা হয়েছে। প্রতারণা চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।



