শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রমের নতুন নীতিমালা প্রকাশ



ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি: তিন ধাপে অনলাইন আবেদন, ক্লাস শুরু ১৫ সেপ্টেম্বর

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রমের নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

নীতিমালা অনুযায়ী, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। কোনো ধরনের ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।

তিন ধাপে অনলাইন আবেদন গ্রহণ করা হবে।
🔹 প্রথম ধাপ শুরু: ৩০ জুলাই
🔹 শেষ তারিখ: ১১ আগস্ট
🔹 ফল প্রকাশ: ২০ আগস্ট

পরবর্তী ধাপগুলোতে আবেদন, ফলাফল প্রকাশ, নিশ্চয়ন ও চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ করে ১৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।

যোগ্যতা অনুযায়ী, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবং আগের দুই বছরের পাশকৃত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যেকোনো বিভাগে আবেদন করতে পারলেও, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পাবেন না।

ভর্তির জন্য মোট আসনের
🔹 ৯৩% উন্মুক্ত থাকবে
🔹 ৫% মুক্তিযোদ্ধা কোটায়
🔹 ১% শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীর সন্তানদের জন্য
🔹 ১% অধীনস্থ সংস্থার কর্মচারীদের জন্য সংরক্ষিত থাকবে

সমান জিপিএপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মোট নম্বর এবং বিষয়ভিত্তিক নম্বর দেখে মেধাক্রম নির্ধারণ করা হবে।

নিজ কলেজ থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে সেই কলেজে ভর্তি হতে পারবে। ভর্তি ফি নির্ধারণ করবে আন্তঃশিক্ষা বোর্ড কমিটি, যা অনুমোদনসাপেক্ষে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। অতিরিক্ত ফি গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ এবং রসিদ ছাড়া কোনো অর্থ নেওয়া যাবে না।

ভর্তি শেষে কলেজ পরিবর্তনের সুযোগ থাকলেও, বিজ্ঞান বিভাগ থেকে অন্য বিভাগে গেলে আবার বিজ্ঞান বিভাগে ফিরে আসা যাবে না।

বোর্ডের অনুমতি ছাড়া ছাড়পত্র (টিসি) প্রদান বা ভর্তিও নিষিদ্ধ। আর অনুমোদন না থাকা কলেজ বা ক্যাম্পাসে ভর্তি কার্যক্রম চালালে স্বীকৃতি ও এমপিও বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।

সব কলেজকে নীতিমালা অনুযায়ী ৪৫ কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!