
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত পাঁচ শতাধিক মানুষ। নিখোঁজদের সন্ধান না মেলায় আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল মাটির মাত্র ৮ কিলোমিটার (৫ মাইল) গভীরে। প্রধান কম্পনের পর আরও তিনটি পরাঘাত অনুভূত হয়েছে, যেগুলোর মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২ এর মধ্যে।
ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকায় প্রাণহানি বেড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ। প্রদেশের নূর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি ও চাপা দারা জেলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। পাহাড়ি দুর্গম অঞ্চল হওয়ায় এখনও অনেক এলাকায় যোগাযোগ সম্ভব হয়নি।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা প্রাথমিকভাবে উদ্ধারকাজ চালাচ্ছেন। পাশাপাশি কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী প্রদেশ থেকেও সহায়তা দল সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। কুনার প্রদেশ প্রশাসনের মতে, ভূমিকম্পের পর বন্যা ও ভূমিধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় আহতদের সরিয়ে নিতে হেলিকপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে।
সরকারি কর্মকর্তারা স্বীকার করেছেন, তাদের কাছে পর্যাপ্ত সরঞ্জাম ও সম্পদ নেই। তাই আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর সহায়তা জরুরি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছে তালেবান সরকার।



