দীর্ঘ পাঁচ বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। তবে এ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই বলে স্পষ্ট জানিয়েছে বাহিনীটি।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সেনাবাহিনীর সরকারি ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়— দেশের বিশ্ববিদ্যালয়সমূহের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, বিশেষ করে ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ততা নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এর আগে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও এ বিষয়ে পরিষ্কারভাবে জানানো হয়েছিল।
সেনাবাহিনী জানায়, একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্তি তৈরি করে স্বাভাবিক নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। অথচ সেনাবাহিনী আশা করছে, দীর্ঘ বিরতির পর হতে যাওয়া ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং তা গণতান্ত্রিক চর্চার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে।
সবশেষে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট সবার প্রতি শুভকামনা জানায় বাংলাদেশ সেনাবাহিনী।





