
ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আনা প্রস্তাবের পক্ষে বিপুল সমর্থন দিয়েছে সদস্য রাষ্ট্রগুলো। শুক্রবার (১২ সেপ্টেম্বর) গৃহীত এই প্রস্তাব, যা ‘নিউইয়র্ক ঘোষণা’ নামে পরিচিত, ১৪২ ভোটে পাস হয়। বিপক্ষে ভোট দেয় ১০টি দেশ এবং ১২টি দেশ ভোটদানে বিরত থাকে।
প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ব্রাজিল, কানাডা, তুরস্ক, জর্ডান, কাতার, মিসর, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগের সদস্য রাষ্ট্রগুলো। তবে ইরাক কোনো কারণ না জানিয়ে ভোটদানে বিরত থাকে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি প্রস্তাবটির বিরোধিতা করে। তাদের সঙ্গে ছিল আর্জেন্টিনা, হাঙ্গেরি, পাপুয়া নিউগিনি, টোঙ্গা ও কয়েকটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র।
প্রস্তাবে গাজায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে উল্লেখ করা হয়, শাসনব্যবস্থা, নিরাপত্তা ও আইন প্রয়োগের দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে থাকতে হবে। এ ছাড়া হামাসকে গাজায় তাদের শাসন শেষ করে অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়।
ঘোষণায় গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা ও খাদ্য সংকটকে মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ প্রস্তাবে সম্প্রতি ফিনল্যান্ডও যুক্ত হয় এবং একে চলতি বছরের সবচেয়ে বড় আন্তর্জাতিক উদ্যোগ হিসেবে আখ্যা দেয়। তবে দেশটি এখনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। অন্যদিকে ফ্রান্স ও বেলজিয়াম জানিয়েছে, তারা শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।



